সারাদেশ
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের গুজব
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে পুলিশ ঘটনাটিকে গুজব বলে জানিয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে কিছু ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে জুলাই আন্দোলনের সংগঠক আল ইমরান ইমু বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পেট্রলের গন্ধ পাই। ভিডিওটি আসল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এটিকে এআই ভিডিও বলে দায় এড়াতে চাইছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি করছি।”
অন্যদিকে, খবর পাওয়ার পর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিকভাবে এটি গুজব বলে মনে হচ্ছে, তবে তদন্ত চলছে।”
পরে রাত ১২টা ৩১ মিনিটে সাতক্ষীরা জেলা পুলিশের সরকারি ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, “সাতক্ষীরায় জুলাই স্মৃতি স্তম্ভে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। অনুগ্রহ করে কেউ কোনো ধরনের মিথ্যা তথ্য বা গুজবে বিভ্রান্ত হবেন না।”
পুলিশের এ ঘোষণার পর স্থানীয়দের মধ্যে পরিস্থিতি শান্ত হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর ভিডিওটির উৎস শনাক্তে কাজ চলছে এবং গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল সবাইকে আহ্বান জানিয়েছে, যাচাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও শেয়ার না করতে, যাতে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি না সৃষ্টি হয়।