সারাদেশ
ট্রেনে সেনাবাহিনীর অভিযান, পিস্তল ও ককটেল উদ্ধার, আটক ৪
রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে সেনাবাহিনী দেশীয় তৈরি একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং চারটি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্পের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। ওই ব্রিগেডের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী জানিয়েছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি তল্লাশি করা হয়। তল্লাশির সময় চালের বস্তার মধ্যে লুকানো অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি দিনাজপুর থেকে ছেড়ে পার্বতীপুর রেল স্টেশনে থামার সময় ৩-৪ জন ব্যক্তি কিছু চালের বস্তা নির্দিষ্ট একটি বগিতে রেখে চলে যান। পরে বস্তাগুলো থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, যারা এই ধরনের নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং ভবিষ্যতে এমন ধরণের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চলছে।