সারাদেশ
দিনাজপুরে অনলাইন ক্যাসিনো জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
দিনাজপুরে অনলাইনের মাধ্যমে মোবাইল অ্যাপ ব্যবহার করে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী একটি সংগঠিত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জেলা পুলিশের বিশেষ অভিযানে এসব জুয়াড়ি ও জুয়ার হোতা চক্রের সদস্যরা ধরা পড়ে।
দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন-এর তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে প্রথম অভিযান চালানো হয় কোতয়ালী থানার কালীতলা এলাকার মেসার্স মনি এন্টারপ্রাইজের বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে। সেখানে অনলাইন ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির দল দ্বিতীয় অভিযান চালায় পার্বতীপুর উপজেলার মেলার ডাঙ্গা এলাকায়। সেখানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এভাবে দুই দফা অভিযানে মোট পাঁচজন চক্রের সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানকালে অনলাইন ক্যাসিনো পরিচালনায় ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে—১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ এবং ১টি মনিটর।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন এবং অনলাইন জুয়া চক্রের পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।