সারাদেশ
আজ ও শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার এবং আগামী শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন।
তিনি জানান, ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর দুই দিনই সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা ও প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত এ দুই দিনে সবার সহযোগিতা কামনা করেছে গাজীপুর পবিস-১ এর কালীগঞ্জ জোনাল অফিস।