সারাদেশ
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ভোর ও সকালের দিকে বয়ে যাওয়া কনকনে হিমেল হাওয়া এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতা মানুষের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে। কয়েকদিন ধরে দিনের রোদ ও রাতের ঠান্ডার বড় তাপমাত্রা বৈষম্যও স্থানীয়দের দুর্ভোগ বাড়িয়েছে।
শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের দিক থেকে আসা হিমালয়ঘেঁষা শীতল বাতাস পঞ্চগড় অঞ্চলে প্রবাহিত হওয়ায় তাপমাত্রা ক্রমাগত ওঠানামা করছে। যদিও তাপমাত্রা ১৩ ডিগ্রি ঘরেই থাকছে, তবে এটি আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়তে পারে।
তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, কয়েকদিন ধরেই তাপমাত্রা ওঠানামা করছে এবং শীত নামতে শুরু করেছে। তিনি জানান, ডিসেম্বরে শীত আরও তীব্র হতে পারে এবং এ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।