সারাদেশ

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৪৩ জন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ এএম

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৪৩ জন
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে মোট ১ হাজার ৪৩ জন। এর মধ্যে বিভিন্ন মামলা ও আদালতের ওয়ারেন্টভুক্ত ৬৬০ জন আসামিকে আটক করা হয়েছে। বাকি ৩৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য অভিযোগ ও অপরাধ সংশ্লিষ্ট কার্যক্রমে।

রবিবার (৩০ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সারা দেশের বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—দেশে তৈরি দুটি একনলা পাইপগান, একটি দেশীয় শুটারগান, একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড লিডবল কার্তুজ, চারটি ফাঁকা কার্তুজ, ৫ রাউন্ড সিসা কার্তুজ, একটি চাপাতি, একটি ছোরা এবং দুটি রামদা।

পুলিশ জানায়, অপারেশন চলমান থাকবে এবং অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।