সারাদেশ
সার সংকটকে কেন্দ্র করে রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধর, ভাঙল দাঁত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সার নিয়ে বিরোধের জেরে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ কৃষকদের হামলায় তাঁর একাধিক দাঁত ভেঙে যায় বলে জানা গেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার উমরাডাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কর্মকর্তা আকতার হোসেনকে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। এসময় ৫ জন কৃষক ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য কৃষকরা সার না পাওয়ার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন। ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তাঁকে মারধর করে এবং দাঁত ভেঙে দেয়।
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, “তার মাথায় আঘাত লেগেছে, দাঁতও ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়া হয়েছে। চিকিৎসার পর ভুক্তভোগীর মতামত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।