সারাদেশ

একই দিনে দুই সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

একই দিনে দুই সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় লালমনিরহাট ও মৌলভীবাজার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিএসএফের গুলিতে নিহত হন সুখিরাম উরাং (২৫)। তিনি মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে।

স্থানীয়রা জানান, কোনো ধরনের উসকানি ছাড়াই সীমান্তের মুরইছড়া এলাকায় সুখিরাম উরাংকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, সুখিরাম উরাংয়ের ডান পাঁজরের পেছনে গুলিবিদ্ধ হন। হাসপাতাল থেকে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

এ বিষয়ে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এএসএম জাকারিয়া জানান, একটি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ভারতীয় বিএসএফ ঘটনাটি অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক চলছে।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে সবুজ ইসলাম (৩০) নামে আরেক বাংলাদেশি যুবক নিহত হন। পরে বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে গিয়ে স্থানীয় পুলিশে হস্তান্তর করে।

নিহত সবুজ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ৮৬৪ নম্বর প্রধান পিলারের কাছে ৮–১০ জন বাংলাদেশি গরু আনার চেষ্টা করছিল। এ সময় তারা ভারতের চেনাকাটা সীমান্ত এলাকায় প্রবেশ করলে ১৬৯ কোচবিহার রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সবুজ ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর বিজিবি-৬১ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।