সারাদেশ

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: কায়কোবাদ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: কায়কোবাদ
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৪ আসনের দলীয় মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।

শনিবার বিকেলে মুরাদনগরের পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কায়কোবাদ বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা আশা করি, তিনি নিরাপদে দেশে ফিরবেন। এটাই আমাদের প্রার্থনা।”

বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি বলেন, “ওনার স্বামীকে হত্যা করা হয়েছে, ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাঁকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছিল। তিনি কোনো আপস করেননি। আজ আল্লাহ তাঁকে মুক্তি দিয়েছেন-নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। শুধু মুরাদনগরেই তার সুস্থতার জন্য পাঁচশর বেশি কোরআন খতম করা হয়েছে। দেশ ও জাতির জন্য তার বেঁচে থাকা জরুরি, তার বিকল্প নেই।”

জামায়াতের প্রার্থীকে ইঙ্গিত করে কায়কোবাদ বলেন, “কোরআনের শাসন কায়েম করার আগে নিজেরা তা অনুসরণ করতে হয়। তিনি পাঁচ বছর ভাইস চেয়ারম্যান ছিলেন-মুরাদনগরের জন্য কিছুই করেননি। একটি টিউবওয়েল বা স্কুল-মাদ্রাসাও নির্মাণ করেননি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আপনারা জনগণ।”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু একটি সিগনেচারও দিতে হয়নি, আদালতেও যেতে হয়নি-আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।