সারাদেশ
জাতীয় নির্বাচন নিয়ে নানা ধণের শঙ্কা সৃষ্টির চেষ্টা চলছে: জোনায়েদ সাকি
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরণের শঙ্কা সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন- আমরা মনে করি, এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশ তৈরিতে কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না এবং নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল পৌর শহরে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া নিপীড়িত প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে মাথাল মার্কার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের পরিবেশ এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বার বার বলেছি- নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশের কমিটি করা দরকার।
নির্বাচনের সাথে সংস্কার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে জানিয়েছেন সাকি বলেন- সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই বাংলাদেশে।
তিনি আরও বলেন- এই নির্বাচন যাতে কোনো ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের এগোতে হবে।
এছাড়াও পতিত ফ্যাসিস্টরা দলের স্বার্থে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
এ সময় টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত প্রার্থী গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।