সারাদেশ
মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক
মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার গুয়াগাছি ইউনিয়নের শিমুলিয়া গ্রামে সন্দেহভাজনদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকদের কাছ থেকে ২১টি কার্তুজ, ৩টি রামদা, ২০টি ককটেল এবং ৬টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—
রাসেল (৩০), পিতা জসিম ব্যাপারী, গ্রাম: হাঁপানিয়া, থানা: মতলব, চাঁদপুর
লোকমান (৩৫), পিতা হানিফা, গ্রাম: বালুয়াকান্দি, থানা: গজারিয়া, মুন্সীগঞ্জ
আবু হানিফ (৪২), পিতা আনোয়ার হোসেন, এলাকা: সোনারগাঁও, নারায়ণগঞ্জ
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, “স্থানীয়রা তিনজনকে আটক করে আমাদের খবর দিলে আমরা তাদের হেফাজতে নিই। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”