সারাদেশ
হাদি হত্যাচেষ্টার ৯৬ ঘণ্টাতেও গ্রেপ্তার নেই প্রধান আসামি, ৯২ বিশিষ্ট ব্যক্তির তীব্র ক্ষোভ ও বিবৃতি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর মারণঘাতী হামলার ৯৬ ঘণ্টা পার হলেও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারাকে অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন দেশের ৯২ জন বিশিষ্ট নাগরিক।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা।
বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালালেও প্রশাসন তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। বিশিষ্ট নাগরিকরা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোকদেখানো তৎপরতা ‘কূটকৌশল’ চালাচ্ছে।
বিবৃতিতে হাদির পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলা হয়, এমন ভয়াবহ হামলার পরও তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, যা সরকারের গোয়েন্দা ব্যর্থতার নগ্ন বহিঃপ্রকাশ। একজন সম্ভাবনাময় তরুণ নেতার ওপর হামলার পর রাষ্ট্রের এই উদাসীন আচরণকে দেশপ্রেমিক জনগণের সঙ্গে ‘তামাশা’ বলে অভিহিত করা হয়।
৯২ বিশিষ্ট নাগরিক মনে করেন, গণ-অভ্যুত্থানের সরকারের আমলেও জুলাইয়ের বিপ্লবীদের ওপর ধারাবাহিক হামলা প্রমাণ করে যে—প্রশাসনে থাকা আওয়ামী আমলা ও পুলিশের একটি অংশ এসবের সঙ্গে জড়িত। তারা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ ও অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীর কাঙ্ক্ষিত সংস্কারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে।”
বিবৃতিতে দাবি করা হয়, পরাজিত ও ভারতীয় মদতপুষ্ট ফ্যাসিষ্ট গোষ্ঠী জুলাইয়ের বিপ্লবীদের নাম ধরে ধরে হত্যার হুমকি দিচ্ছে। এই অবস্থায় হাদির পরিবার, সহকর্মী এবং স্বতন্ত্র অ্যাকটিভিস্টদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।
উল্লেখযোগ্য স্বাক্ষরকারীগণ যারা বিবৃতিতে স্বাক্ষর করেছেন:
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (সাবেক উপদেষ্টা)
অধ্যাপক নিয়াজ আহমেদ খান (উপাচার্য, ঢাবি)
অধ্যাপক সালেহ হাসান নকিব (উপাচার্য, রাবি)
লতিফুল ইসলাম শিবলী (মহাপরিচালক, নজরুল ইনস্টিটিউট)
মাবরুর রশীদ বান্নাহ (নির্মাতা)
এছাড়াও ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক ও গবেষক। বিবৃতিতে অতিদ্রুত হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের সর্বোচ্চ কার্যক্ষমতা প্রয়োগের আহ্বান জানানো হয়।