সারাদেশ

চা শ্রমিক ও অবহেলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাহেরির নির্বাচনী যাত্রা 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

চা শ্রমিক ও অবহেলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাহেরির নির্বাচনী যাত্রা 
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের মনোনয়ন পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি।

তিনি বলেছেন, আমি নির্বাচিত হলে চুনারুঘাট-মাধবপুর উপজেলার অবহেলিত চা শ্রমিকসহ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করব।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেন। মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন তাহেরি বলেন, আমি আপনাদের এলাকার জামাই। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ অনেক নেতাকর্মী।