সারাদেশ
আলমডাঙ্গায় বিড়ালকে বাঁচাতে গিয়ে যুবক নিহত
আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হক (৩২) নামের এক যুবক বিড়ালকে বাঁচাতে গিয়ে নিহত হন।
জানা যায়, নিহত নাজমুল হক আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা এবং আইনাল হকের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের হারদী ইউনিয়ন শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মনসুর আলী বলেন, নাজমুল হক মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চরযাদবপুর গ্রামের একটি ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুকাইয়া খাতুন বলেন, হাসপাতালে আনার সময় তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।