সারাদেশ

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে হলেও শীতের তীব্রতা কমেনি। গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ধরা হচ্ছে।

শীতের তীব্রতায় পঞ্চগড়ের বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগীর চাপ বেড়েছে। প্রতিদিনই হাসপাতালের বহির্বিভাগে সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ নানা সমস্যায় আক্রান্ত রোগীদের ভিড় দেখা যাচ্ছে। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। যারা তুলনামূলক বেশি অসুস্থ হয়ে পড়ছেন, কেবল তারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ে প্রতিবছরই শীতের তীব্রতা তুলনামূলক বেশি থাকে। তিনি বলেন, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অনুযায়ী সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে, শীত থেকে বাঁচতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে শীতার্তদের সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।