সারাদেশ
ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে যে কারণ
বাগেরহাট সদর উপজেলায় এক মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণালীর স্বামী জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন। স্বামী দীর্ঘ সময় কারাবন্দি থাকায় এবং সংসারের টানাপোড়েনে চরম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্বর্ণালী। স্বজনদের ধারণা, দীর্ঘদিনের মানসিক চাপ ও তীব্র হতাশা থেকেই তিনি প্রথমে তার ৯ মাসের শিশু সন্তানকে বালতির পানিতে ডুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে আত্মহননের পথ বেছে নেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বর্ণালী ও তার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিতভাবে বলা যাবে।