সারাদেশ

চুয়াডাঙ্গায় পাঁচতলা ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু, তদন্তে পুলিশ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

চুয়াডাঙ্গায় পাঁচতলা ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু, তদন্তে পুলিশ
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকায় অবস্থিত আব্দুল্লাহ সিটির একটি পাঁচতলা ভবন থেকে পড়ে মোছাম্মৎ ফারজানা খাতুন (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনের মালিক মো. আব্দুল মোমেন আব্দুল্লাহর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ফারজানা খাতুন হঠাৎ করে ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাটি প্রত্যক্ষ করে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, গুরুতর আহত অবস্থায় তাকে মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে রেফার্ডের কিছুক্ষণ পরই তিনি মারা যান।

নিহত ফারজানা খাতুনের স্বামী বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। কী কারণে তিনি ভবন থেকে পড়ে যান বা লাফ দিয়েছেন-এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের কথা শোনা গেলেও পুলিশ বলছে, এসব বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও সার্বিক তদন্ত শেষে তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।