সারাদেশ

ফসল বিক্রি করতে বেরিয়ে আর ফেরা হলো না পাঁচ আদিবাসী কৃষকের


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম

ফসল বিক্রি করতে বেরিয়ে আর ফেরা হলো না পাঁচ আদিবাসী কৃষকের
ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের চাপায় পাঁচ আদিবাসী কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা উড়াওয়ের ছেলে সঞ্জু উড়াও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)।

থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রির উদ্দেশ্যে নূরপুর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন ওই পাঁচ কৃষক। ভ্যানটি পাঠকাঠি এলাকায় পৌঁছালে মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে আসা একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ফায়ার সার্ভিস দুই দফায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসে। তাঁদের মধ্যে চারজন আগেই মারা যান। বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ডাম্প ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।