সারাদেশ

বেনাপোল বন্দর দিয়ে দুই দিনে ১,৩৫০ মেট্রিক টন চাল আমদানি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

বেনাপোল বন্দর দিয়ে দুই দিনে ১,৩৫০ মেট্রিক টন চাল আমদানি
ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই দিনে মোট ১,৩৫০ মেট্রিক টন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি হয়েছে। নয়টি চালানে ৩৭টি ট্রাকে করে এই চাল দেশে প্রবেশ করে, যা দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের নেওয়া উদ্যোগের অংশ।

বন্দর সূত্র জানায়, রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভারত থেকে আমদানি করা চালের দুটি চালানে ১৫টি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। এর আগে গত ২৭ জানুয়ারি আরও ৭৭০ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। সব মিলিয়ে মাত্র দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া চালের পরিমাণ দাঁড়িয়েছে ১,৩৫০ মেট্রিক টনে।

আমদানিকৃত এই চালের আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বেনাপোলের মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স। দেশের বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে সরকার শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে দ্রুত ছাড়ের ব্যবস্থা করেছে বলে জানা গেছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে নভেম্বর- এই তিন মাসে বেনাপোল বন্দর দিয়ে মোট ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। এ অনুমতির সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই আমদানি করা চাল দেশের বাজারে সরবরাহ করতে হবে।

বন্দর সূত্র আরও জানায়, আমদানি করা চালের প্রতি কেজির সব খরচসহ মূল্য পড়েছে প্রায় ৫০ টাকা, যা বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারত থেকে আমদানি করা চালের চালানগুলো যাতে দ্রুত খালাস করা যায়, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বন্দর দিয়ে আসা খাদ্যপণ্য দ্রুত বাজারে পৌঁছাতে কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।