সারাদেশ
৮ ফেব্রুয়ারি পর্যন্ত শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের সদস্যসচিবের
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে চলমান কর্মসূচির প্রেক্ষাপটে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, ওইদিন অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘে একটি চিঠি পাঠানোর কথা জানিয়েছে।
শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে লাইভে এসে আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকারের পক্ষ থেকে যেহেতু স্পষ্টভাবে বলা হয়েছে যে ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠানো হবে, তাই তার আগে জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হচ্ছে। তবে চিঠিতে কী লেখা হচ্ছে, সেটা আমাদের দেখাতে হবে ও যাচাই করার সুযোগ থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “চিঠির বিষয়বস্তু না দেখিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা কৌশলী চিঠি পাঠানো হলে তা মেনে নেওয়া হবে না। সরকারকে অবশ্যই এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, শহিদ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘে চিঠি পাঠানোর আহ্বান জানিয়ে তারা বৃহস্পতিবার থেকে তার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় ওসমান হাদির স্ত্রী ও সন্তানসহ তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের চেষ্টা করলেও সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
পুলিশি হামলার অভিযোগ তুলে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, পুলিশের কিছু সদস্য অতর্কিতভাবে হামলা চালিয়ে আন্দোলনকারীদের আহত করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও অভিযোগ করেন, হামলায় অংশ নেওয়া অনেক পুলিশ সদস্যের গায়ে নামপ্লেট ছিল না এবং তারা মুখে মাস্ক পরিহিত ছিলেন। এ ধরনের আচরণ অতীতে ফ্যাসিবাদী সরকারের সময় দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।