সারাদেশ

নির্বাচনী প্রচার শেষে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম

নির্বাচনী প্রচার শেষে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি
ছবিঃ সংগৃহিত

নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাণ বাঁচাতে দৌড় দিলে পড়ে গিয়ে তিনি আহত হন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার নতুন চর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত প্রার্থী।

 সিপন ভূঁইয়া বলেন, নির্বাচনী প্রচার শেষে গাড়িভাড়া দেওয়ার জন্য টাকা নিতে বাড়িতে যাচ্ছিলাম। এ সময় বাড়ির রাস্তায় যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় প্রাণ বাঁচাতে গেলে পড়ে গিয়ে আহত হন তিনি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তিনি তা বলতে পারেননি।

পুলিশের গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।