সারাদেশ

নোয়াখালীতে ১১ দলের নির্বাচনি অফিসে আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

নোয়াখালীতে ১১ দলের নির্বাচনি অফিসে আগুন
ছবিঃ সংগৃহিত

নোয়াখালী-৩ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের একটি নির্বাচনি ক্যাম্পে (অফিস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পে থাকা কয়েকটি চেয়ার, টেবিল ও একটি অটোরিকশা পুড়ে যায়।  

শনিবার (৭ ফেব্রয়ারি) ভোরে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ২নং দীনেশগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের নির্বাচনি প্রচারের জন্য দীনেশগঞ্জ বাজারে একটি নির্বাচনি ক্যাম্প দেওয়া হয়। শনিবার ভোরে ক্যাম্পটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে ওই অফিসটিতে থাকা একটি অটোরিকশা ও কিছু চেয়ার-টেবিল পুড়ে যায়। ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি কোনো দুর্বৃত্তায়ন- সেটি স্থানীয় লোকজন নিশ্চিত হতে পারেননি। 

এদিকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট ও রসুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল জানান, অফিসটি তার তত্ত্বাবধানে ছিল। অফিসে থাকা অটোরিকশাটির মালিকও তিনি। অগ্নিকাণ্ডের বিষয়টি ‘সুপরিকল্পিত’ এবং ‘রাজনৈতিক প্রতিহিংসার’ ফল বলেও মন্তব্য করেন তিনি। 

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।