সারাদেশ

বেনাপোল বন্দরে নেশাজাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাকচালক আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

বেনাপোল বন্দরে নেশাজাতীয় ট্যাবলেটসহ ভারতীয় ট্রাকচালক আটক
ছবি: ঢাকাপ্রকাশ

বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বেনাপোল বন্দরে এ অভিযান পরিচালনা করেন বেনাপোল বিজিবির সদস্যরা।

আটক ট্রাকচালকের নাম আনার গাজী। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি ভারতীয় ট্রাকে মাদকের চালান প্রবেশ করেছে। পরে বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ১ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে বিজিবির টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।