সারাদেশ
নওগাঁয় প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি
সারা দেশের সঙ্গে নওগাঁর ৬টি আসনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে প্রায় প্রতিটি কেন্দ্রে।
সকালে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের নামাজগড় গাউসুল আজম মাদ্রাসায় গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। উৎসবমুখর পরিবেশে ভোটারেরা ভোট দিচ্ছেন।
ভোট দিতে আসা ব্যক্তিদের একজন জাহিদ হাসান (৫০) বলেন, ‘সকাল-সকাল ভোট দিয়ে ফ্রি হয়ে পাড়ার অন্য ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে হবে। দুইটা ব্যালট হলেও ভোট দিতে কোনো সমস্যা হলো না। খুব তাড়াতাড়ি ভোট দেওয়া গেল।'
এর আগে ওই কেন্দ্রে সকালে ভোট দেন বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম। ভোট দিয়ে তিনি বলেন, 'এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। নওগাঁ জেলায় সব সময় শান্তিপূর্ণ ভোট হয়েছে। আশা করছি, এবারও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ থাকবে।'
নওগাঁ-৫ আসনের জামায়াতের প্রার্থী আ স ম সায়েম সকাল সাড়ে ৭টায় ভোট দেন। ভোট দিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, 'আমার নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তারপরও আমার আশা মানুষ এখন কোনো হুমকি-ধমকিতে কাম হবে না। মানুষ এখন আর ভয় করে না।'
সকাল সাড়ে ৮টার দিকে পর নওগাঁ শহরের মরছুলা বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, শতাধিক নারী কেন্দ্রের সামনে ভিড় করেছেন। ভোটকেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।
কেন্দ্রটিতে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম বলেন, ‘এই কেন্দ্রে শুধু নারী ভোটারদের কেন্দ্র। এখানে ভোটার সংখ্যা ৪ হাজার ৪৮৮। নির্ধারিত সময় ভোট শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন।'
উল্লেখ্য, নওগাঁয় ৬টি আসনে এবার মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন প্রার্থী। নওগাঁয় মোট ভোটার রয়েছেন ২৩ লাখ ২৯ হাজার ৫৯৬ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৬ জন। নারী ভোটারের সংখ্যা ১১ লাখ ৬৯ হাজার ৮০৯ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ১৬ জন।