সারাদেশ

রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা
ছবিঃ সংগৃহীত

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান মাস। রমজানকে ঘিরে মীরসরাইয়ে লেবুর দাম তিন থেকে চারগুণ বেড়ে গেছে। তিন দিন আগেই এক হালি লেবু বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা এখন সেই লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি চিকন বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। টমেটো ৬০-৭০ টাকা, গাজর ৪০-৫০ টাকা, মুলা ০-৩০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত বছর ও এই সময়ে ২০ টাকা করে টমেটোর দাম ছিল।

জানা গেছে, রোজার ইফতারে শরবতের অন্যতম অনুষঙ্গ লেবু; কিন্তু রোজা শুরু হওয়ার আগেই সেই লেবুর জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা।

বাজারে এখন ১ হালি (৪টি) মাঝারি সাইজের লেবু ১০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। জাতভেদে ছোটগুলোর দাম ৮০ টাকা। বাজারে তিন আকারের লেবু দেখা গেছে। সবচেয়ে বড় লেবুর হালি ১০০ টাকা। ছোট লেবু ৮০ টাকা।

কামাল উদ্দিন নামে এক লেবু ব্যবসায়ী বলেন, কিছুদিন আগেও এক বস্তা লেবুর দাম ছিল ১ হাজার ২শ থেকে দুই হাজার টাকা। এখন কিনতে হয় সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকায়। বেশি দামে কেনা, তাই বিক্রিও বেশি দামে। প্রতি বস্তায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার লেবু থাকে।

করেরহাটের লেবু বাগানের মালিক আবুল হোসেন বলেন, লেবুর মৌসুম এখন না, তাই দাম বেশি। উৎপাদন খরচও বেশি। চাষিদের কাছ থেকেই বেশি দামে কেনা, বাড়তি দামে বেচা।

আবুল হোসেনের মতে, বৃষ্টির মৌসুমে লেবুর দাম কমে যাবে। তখনই মূল মৌসুম লেবুর। ফলন বেশি হলে দামও কমে যয়। পাইকারি আড়তে বড় ১ পিস লেবু ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে আর ছোট সাইজের লেবুর দাম ১২ থেকে ১৩ টাকা বলেও জানান তিনি। রমজানে চাহিদা বেশি থাকে। তবে এবার লেবুর মৌসুম আসেনি এখনো। এমন সময় রোজার মাস পড়েছে। মৌসুম ছাড়া দাম কমার সম্ভাবনাও কম বলে জানান এই ব্যবসায়ী।

লেবু ক্রেতারা সবাই প্রায় অভিন্ন অভিযোগ করে বলেন, রমজান মাস শুরু হয়েছে। তাই দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। প্রত্যেক বছর রোজা আসলেই নানা অজুহাতে দাম বাড়িয়ে দেয়া হয়।