সারাদেশ
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল ছাতক
দেশজুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। হঠাৎ কম্পনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। সংস্থাটির তথ্যমতে, ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি ঘটে।
অন্যদিকে, মাই আর্থকোয়েক অ্যালার্ট জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে ছাতক এলাকায়। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তাদের হিসাবে উৎপত্তিস্থল ঢাকা থেকে আনুমানিক ১৮৭ কিলোমিটার দূরে অবস্থিত।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগেও গত ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০।