সারাদেশ
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
নওগাঁ শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে শহরের সরিষাহাটির মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন তাঁর ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তাঁর নেতৃত্বে ছয়-সাতজন যুবক কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করছেন। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। শফিকুর রহমান ও আরও এক তরুণ ছাড়া অন্যরা মুখে মাস্ক পরা ছিলেন।
কার্যালয়সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খোলার সময় তাঁরা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন হতে দেখেছেন। পরে দুপুরের দিকে পুলিশ এসে পতাকাগুলো নামিয়ে নিয়ে যায়।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র ঘোষিত নিষিদ্ধ একটি দলের কার্যালয়ে পতাকা উত্তোলন আইনবিরোধী। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এ ধরনের কার্যক্রম মোকাবিলা করবে বলেও তিনি মন্তব্য করেছেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, সম্ভবত ভোরের দিকে পতাকা উত্তোলন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে এবং সংশ্লিষ্টদের খোঁজ নেওয়া হচ্ছে।
জাতীয় নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবি তোলার ঘটনা দেখা গেছে। তবে নওগাঁ জেলায় এই ধরনের ঘটনা প্রথমবার ঘটেছে বলে জানা গেছে।