সারাদেশ

সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে লিটাকে দেখতে চান গাইবান্ধাবাসী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে লিটাকে দেখতে চান গাইবান্ধাবাসী
চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছা. দেওয়ান মাহামুদ লিটা। ছবি: সংগৃহীত

গাইবান্ধা থেকে নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মোছা. দেওয়ান মাহামুদ লিটাকে দেখতে চান স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ। তিনি সাঘাটা উপজেলার পুত্রবধূ এবং চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে তিনি একাধিক মামলার মুখোমুখি হন। সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং দুটি আইসিটি মামলাসহ মোট ছয়টি মামলায় তাঁকে কারাভোগ করতে হয়েছে।

ফুলছড়ি ও সাঘাটা উপজেলার একাধিক নেতাকর্মী বলেন, দেওয়ান মাহামুদ লিটা একজন ত্যাগী ও নির্যাতিত নেত্রী। দলের দুঃসময়ে সক্রিয় থাকার কারণে তিনি সংরক্ষিত আসনের দাবিদার বলে মনে করেন তারা।

দেওয়ান মাহামুদ লিটা বলেন, গাইবান্ধা তাঁর স্বামীর বাড়ি হলেও এখানকার মানুষ তাঁকে আপন করে নিয়েছেন। এ অঞ্চলের মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তিনি বলেন, “আমি সব সময় দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই। সুযোগ পেলে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই।”

স্থানীয় পর্যায়ে তাঁর মনোনয়ন নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।