সারাদেশ
৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন গোপালগঞ্জের যুবক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে এক অনলাইন জুয়া-খেলার আসক্ত যুবক চাঞ্চল্যকরভাবে জুয়া ত্যাগ করেছেন। রাশেদ দাড়িয়া (৩৫) নামের ওই যুবক গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের বাড়িতে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা থেকে সরে আসার ঘোষণা দেন।
স্থানীয়রা জানায়, রাশেদকে দুধ রাখা অ্যালুমিনিয়ামের বড় ডেকচিতে বসে, তার মায়ের একটি মগ দিয়ে মাথায় দুধ ঢালার দৃশ্য ধারণ করতে দেখা গেছে। ভিডিওটি রাশেদ নিজের মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে।
রাশেদ জানান, গত দুই বছর ধরে তিনি অনলাইনে জুয়া খেলছেন এবং এর ফলে প্রায় ১০ লক্ষ টাকার দেনায় জর্জরিত ছিলেন। দীর্ঘদিন হতাশায় ভুগার পর পরিবারের পরামর্শে তিনি সৌদি আরবে কাজের জন্য যাচ্ছেন। যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ত্যাগ করার এই অভিনব উদ্যোগ নেন।
রাশেদ যুবকদের উদ্দেশে বলেন, “এই ধ্বংসাত্মক জুয়া কেউ খেলবেন না। এতে কেউই লাভবান হতে পারে না, বরং ধ্বংস হয়।”
স্থানীয়রা রাশেদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাশের বাড়ির জলিল গাজী বলেন, “রাশেদ জুয়া খেলায় ধারদেনার কারণে দীর্ঘদিন হতাশায় ভুগছিল। এখন জুয়া ছেড়ে সৌদি যাচ্ছেন, আমরা তার মঙ্গল কামনা করি।”