সারাদেশ
দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দোকানিরা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন দোকান বন্ধ করে পালালেন দোকানিরা। তিনটি দোকানে অর্থ জরিমানা করা হয়েছে এবং দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দর্শনা রেলবাজারে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসফাকুর রহমান ও আব্দুল্লাহ আল-নাঈম ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— মাস্টার ফাস্ট ফুড কর্নার: ২ হাজার টাকা, মনির মুরগির দোকান: ১ হাজার টাকা, মোঃ জয়নাল মুদি দোকান: ১ হাজার টাকা। ম্যাজিস্ট্রেট বাজারে আসার খবর ছড়িয়ে পড়লে অধিকাংশ দোকান বন্ধ করে দোকানিরা পালিয়ে যান।
চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসফাকুর রহমান বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিকাংশ দোকান ভোক্তা আইন মেনে চলে না, এজন্য দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”