সারাদেশ
পচা ভাত খেয়েই সেহরি-ইফতার, তিন সন্তান নিয়ে দিশেহারা আয়েশা
দুই বছর আগে দুর্ঘটনায় স্বামী আমির হোসেন লেদুকে হারান আয়েশা বেগম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে চরম দুর্দশায় পড়ে যায় তার পরিবার। বাবাকে হারিয়ে এতিম হয়ে পড়ে তিন সন্তান-মো. সজিব, মো. সৌরভ ও মো. সবুজ। অভাব-অনটনের কারণে কখনো শুধু পানি খেয়ে, আবার কখনো পচা ভাত খেয়েই সেহরি ও ইফতার করতে হচ্ছে আয়েশা বেগম ও তার সন্তানদের।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে গিয়ে দেখা যায় এই হৃদয়বিদারক দৃশ্য।
নামাজ শেষে পচা পান্তাভাত খেতে বসেন আয়েশা বেগম। অন্যদিকে বিদ্যুৎবিহীন ঘরে কুপি জ্বালিয়ে ছোট্ট চকিতে নীরবে বসে থাকে তার তিন সন্তান। অনিশ্চিত ভবিষ্যৎ আর দারিদ্র্যের কঠিন বাস্তবতা তাদের জীবনকে করে তুলেছে অসহায়।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত আমির হোসেন পেশায় ছিলেন পিকআপ চালক। অন্যের গাড়ি ভাড়া নিয়ে সবজি পরিবহন করে সংসার চালাতেন তিনি। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর অন্যান্য দিনের মতো একটি পিকআপ ভাড়া নিয়ে গাছ উত্তোলনের কাজ করতে যান আমির হোসেন। কাজের সময় অসাবধানতাবশত একটি বড় গাছ তার ওপর ভেঙে পড়ে। গাছের চাপায় তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্বামীর মৃত্যুর পর থেকেই আয়েশা বেগম ও তার সন্তানদের জীবনে নেমে আসে অন্ধকার। একদিকে প্রিয়জন হারানোর শোক, আরেক দিকে উপার্জনের কোনো পথ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা।
বিধবা আয়েশা বেগম বলেন, দুই বছর আগে স্বামী হারাইছি। তিন সন্তান নিয়ে ঝুপড়ি ঘরে থাকি। বৃষ্টিতে ভিজি, রোদে শুকাই। আগে বাবা আমার খোঁজ নিতেন, কিন্তু প্রায় এক বছর আগে সেও মারা গেছেন। এখন আমাদের দেখার কেউ নাই। সন্তানরা ভালো খাবার চায়, কিন্তু আমার সেই সামর্থ্য নাই। অনেক সময় পচা ভাত দিয়েই সেহরি-ইফতার করি।
নিহতের ভাই মজিবুল হক বলেন, আমার ভাই মারা যাওয়ার পর তার স্ত্রী তিন ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন পার করছে। আমাদের নিজের অবস্থাও ভালো না, তাই নিয়মিত সহযোগিতা করতে পারি না। বিত্তবান মানুষ এগিয়ে এলে পরিবারটির উপকার হতো।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। আমরা খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। যেহেতু পরিবারটি দীর্ঘদিন ধরে খাবারের কষ্টে আছে তাই আপাতত খাদ্যসামগ্রী পৌঁছে দেব। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো এবং আপনাদের বিষয়টি অবহিত করবো।