সারাদেশ
বাবার মতই আমি নিজের জীবন উৎসর্গ করব: প্রতিমন্ত্রী পুতুল
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, শুধু লালপুর-বাগাতিপাড়ার নয়, পুরো নাটোরবাসীর জীবনমান উন্নয়নে আমি বাবার মতই নিজের জীবন উৎসর্গ করব।
শনিবার (২৮ ফেব্রুয়রি) সকালে ঢাকা থেকে নাটোরে যাবার পথে বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুতুল বলেন, আমার বাবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল নাটোরের উন্নয়নে যেসব কাজে হাত দিয়েছিলেন, আমি সেখান থেকেই আবার কাজ শুরু করব। নাটোরের চারটি আসনের মানুষের জীবনমান উন্নয়নে আমি বাবার মতই নিজের জীবন উৎসর্গ করব।
প্রতিমন্ত্রী পুতুল বলেন, আপনারা আমার পাশে থাকেন, আমি নাটোরকে একটি উন্নত সমৃদ্ধ জেলা হিসাবে গড়তে কাজ করে যাব, ইনশাল্লাহ।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।