সারাদেশ
গাইবান্ধায় পুলিশের পোশাকে চালককে মারধর, ইজিবাইক ছিনতাই
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে ভুক্তভোগী ইজিবাইকচালক অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ–ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবটগাছ নামক স্থানে এ ঘটনা ঘটে।
ইজিবাইকচালক গোলাম হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
গোলাম হোসেন জানান, স্থানীয় ব্যবসায়ী আজিজ মণ্ডলকে সঙ্গে নিয়ে তরমুজ কেনার জন্য ইজিবাইকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে যাচ্ছিলেন। পথে চারাবটগাছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের পথরোধ করে। এ সময় পুলিশের পোশাক পরিহিত পাঁচজন যুবক প্রাইভেটকার থেকে নেমে এসে তাকে মারধর করে ইজিবাইকটির নিয়ন্ত্রণ নেয়।
তিনি আরও জানান, তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকেও মারধর করে তার কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায় এবং অপর চারজন গোলাম হোসেনকে প্রাইভেটকারে তুলে নিয়ে সটকে পড়ে। পরবর্তীতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছেন এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।