সারাদেশ

দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:০১ এএম

দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহজাদা ও রুবেল ওরফে বক্সার। রোববার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেনের ছিনতাই হওয়া ফোন দুটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

এর আগে শনিবার (৭ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় দুদক মহাপরিচালক মো. মোতাহার হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন। দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি দামী ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় তাকে মারধর করে আহত করা হয়েছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় তাকে লক্ষ্য করে আঘাত করা হয়। এতে তিনি ঘাড় ও চোখে গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।