সারাদেশ
কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারি দপ্তরে একযোগে চুরি
কুষ্টিয়ার মিরপুরে তিনটি সরকারি দপ্তরে একযোগে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
সোমবার (৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় সবাই হতবাক।
পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে এ চুরির ঘটনা ঘটে। এ সময় তিনটি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। পরে সংশ্লিষ্ট দপ্তরের আলমারিতে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া যায়। এতে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা উদঘাটনে কাজ করছে পুলিশ।
উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মাহ্ফুজ রানা বলেন, গত রাতে ৩টা ৪ মিনিটের দিকে মাফলার পরিহিত দুইজন বয়োবৃদ্ধ চোর আমাদের মূল গেটের দুটি তালা হাতুড়ি দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে সবগুলো আলমারির লক ভেঙে ফেলে। সোমবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে অফিসে এসে আমরা বিষয়টি দেখতে পাই। পরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, তারা সবগুলো আলমারি খুলেছে। তবে কোনো দলিলপত্র খোয়া যায়নি।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ঘটনার পর দপ্তরগুলো পরিদর্শন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।