সারাদেশ
চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের তৎপরতায় উদ্ধার ২৮ মোবাইল, প্রতারণার টাকা ফেরত পেলেন ভুক্তভোগীরা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করতে সক্ষম হয়।
এ অভিযানে বিভিন্ন মডেলের মোট ২৮টি স্মার্টফোন এবং প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে এসব মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। এসব অপরাধ দমনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সব সময় সতর্ক ও সক্রিয় রয়েছে। তিনি মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কেউ প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় বা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। চুয়াডাঙ্গা জেলা পুলিশের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুয়াডাঙ্গার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।