সারাদেশ

নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার তিন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম

নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার তিন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরদিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিস্তলটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকার একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিনভর পৃথক অভিযানে ঘটনাটির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) এবং হাসান (২১)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সোমবার ভোরে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক লুৎফর রহমান পুলিশের পোশাক পরে মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। এ সময় নগরীর নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালিয়ে তার কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করে। সোমবার সন্ধ্যায় প্রথমে বিশালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ আহম্মেদ ও হাসানকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।