সারাদেশ
মাদ্রাসায় আগুন, তারাবির নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক প্রাণ
কুমিল্লার লাকসামে একটি টিনশেড মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার সাতটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবিহ নামাজ আদায় করছিলেন বলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছেন শতাধিক শিক্ষার্থী।
সোমবার (০৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাকসাম উপজেলা রেলওয়ে জংশন সংলগ্ন ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসার পাশের মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। হঠাৎ এক শিক্ষার্থী মাদ্রাসায় আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। পরে সবাই বেরিয়ে এসে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে মাদ্রাসার ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।
মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ঈদের জন্য কেনা তাদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।
মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, অগ্নিকাণ্ডের ফলে নগদ অর্থ, আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে মাদ্রাসার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে ঈদের জন্য কেনা শিক্ষার্থীদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় বেশি কষ্ট লাগছে।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।