সারাদেশ
যানজটে আটকে গেল ট্রেন, ভিডিও ভাইরাল
চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে তীব্র যানজটের কারণে একটি পণ্যবাহী ট্রেন সড়কের ওপর থেমে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
মঙ্গলবার (১০ মার্চ) নগরের সল্টগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারবাহী পণ্য নিয়ে একটি ট্রেন হালিশহরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে সল্টগোলা রেলক্রসিংয়ে পৌঁছালে সড়কে চলাচলরত কাভার্ড ভ্যান ও লরির চাপে ট্রেনটি সামনে এগোতে পারেনি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন সড়কের ওপর উঠে এলেও যানবাহনের চলাচল থামেনি। বরং বিভিন্ন ধরনের যানবাহন রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করতে থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এ সময় ট্রেনের ইঞ্জিন থেকে কয়েকবার হুইসেল দেওয়া হলেও যান চলাচল বন্ধ না হওয়ায় ট্রেনটি সড়কের মাঝেই থেমে যায়।
চট্টগ্রামের গোসাইলডাঙা ইয়ার্ডের মাস্টার মাহমুদুল হাসান বলেন, সল্টগোলা রেলক্রসিংয়ে ট্রেন আটকে পড়ার ভিডিওটি তাদের নজরে এসেছে। তিনি জানান, বিকেলের দিকে সড়কটিতে যানজট বেশি থাকে সম্ভবত ওই সময়েই ঘটনাটি ঘটেছে।
তিনি আরও বলেন, সল্টগোলা ক্রসিং সেকশনে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় আট কিলোমিটার নির্ধারিত। পণ্যবাহী ট্রেনের গতি আরও কম থাকে। অনেক গাড়িচালকের তাড়াহুড়া ও ধৈর্যের অভাবের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।