সারাদেশ

ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম

ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আরও ১০ জনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই কেবল সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহগুলো হস্তান্তর করে পুলিশ। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে প্রশাসনও এতে সম্মতি দেয়।

মরদেহ হস্তান্তরের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং নিহতদের স্বজনদের প্রয়োজনীয় সহযোগিতা দেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, পরিবারের অনুরোধের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।