সারাদেশ
ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
রাজনৈতিক আদর্শের ভিন্নতার জেরে নেত্রকোনায় এক ছাত্রলীগ নেতাকে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর মো. সাজিদুর রহমান ছোটনের সঙ্গে তার বাবা মীর মো. আব্দুল মালেকের দীর্ঘদিনের রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ মার্চ) নেত্রকোনা আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন আব্দুল মালেক। পরদিন বুধবার ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সেই নোটারির কাগজের ছবি শেয়ার করে একটি দীর্ঘ পোস্ট দিলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ত্যাজ্য ঘোষণাপত্রে আব্দুল মালেক উল্লেখ করেন, তাদের পরিবারের অধিকাংশ সদস্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সমর্থক। কিন্তু ছোটন কৈশোর থেকেই পরিবারের রাজনৈতিক আদর্শের বাইরে গিয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। এই মতাদর্শগত দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন চলছিল।
ঘোষণাপত্রে আরও বলা হয়, বিভিন্ন সময় দাবিদাওয়া নিয়ে ছোটনের আচরণ এবং রাজনৈতিক মতবিরোধের কারণে পরিবার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে ছোটনের নিজস্ব মতাদর্শে চলার অধিকার থাকলেও তার কোনো কর্মকাণ্ডের দায়ভার পরিবার আর বহন করবে না বলেও সেখানে উল্লেখ করা হয়।
এদিকে বাবার এই ঘোষণার পর ছোটন নিজের ফেসবুক পোস্টে মানসিক কষ্টের কথা তুলে ধরেন। তিনি লেখেন, বহুদিন ধরে পরিবারের ভেতরে ঘটে যাওয়া নানা বিষয় গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা প্রকাশ্যে চলে এসেছে।
তিনি আরও জানান, ব্যক্তিগত কষ্ট থাকলেও ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। নিজের অবস্থানে অবিচল থাকার কথা জানিয়ে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার কয়েকটি লাইন উদ্ধৃত করে তার লড়াকু মানসিকতার প্রকাশ ঘটান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছোটনের রাজনৈতিক সহকর্মী ও সমর্থকরা তার প্রতি সংহতি প্রকাশ করেছেন। নেত্রকোনার স্থানীয় রাজনৈতিক মহলেও ঘটনাটি এখন ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।