সারাদেশ
ছাগল উদ্ধার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় রেল লাইনের ওপর থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে ১ জন নিহত হয়েছেন। আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৬)।
আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার সারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া ওই গ্রামের তামজেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁন মিয়া বাড়ির সামনে রেল লাইনের পাশে ছাগল বাঁধতে যান। ওই সময় ছাগলটি দৌড়ে রেললাইনের ওপর উঠে পড়ে।
এ সময় ট্রেন আসতে দেখে ছাগলটির দড়ি ধরে টেনে রেললাইন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। তখন তিনি তড়িঘড়ি করে ছাগলটিকে রেললাইনের ওপর থেকে দ্রুত উদ্ধার করতে যান।
এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে চাঁন মিয়া ও তার ছাগল ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।