সারাদেশ

খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা 
ছবিঃ সংগৃহিত

খুলনার পাইকগাছায় ভারতীয় মন্ডল (৫৪) নামে এক পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরের দিন তার লাশ উদ্ধার করে পুলিশ। 

ভারতীয় মন্ডল (৫৪) ওই গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল রেঞ্জে চাকরিরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চিম্ময় মন্ডলের মা। 

স্থানীয় বাসিন্দা কুমারেশ মন্ডল ও তুহিন মন্ডল জানান, ঘটনার সময় কে বা কারা ভারতীয় মন্ডলকে হত্যা করেছে। তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। পরে জবাই করা অবস্থায় পুকুরে তাকে ফেলে দেওয়া হয়েছে। পুকুর পাড়ে প্রচুর রক্ত দেখা গেছে। ওই বাড়িতে সকালে কাজের লোক এসে ঘর খোলা এবং সবকিছু এলোমেলো দেখে ভারতীয়কে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে তার লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আসামি ধরা পড়লে বিস্তারিত জানা যাবে।