সারাদেশ

নেত্রকোনায় উচ্ছেদ করা হলো ৩৫টি অবৈধ স্থাপনা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

নেত্রকোনায় উচ্ছেদ করা হলো ৩৫টি অবৈধ স্থাপনা
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন ও সওজ কর্তৃপক্ষ।

সোমবার (১৬ মার্চ) পৌরসভার উৎরাইল এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে নির্মিত ৩৫টি অবৈধ দোকান ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের উৎরাইল এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনা সড়কের জায়গা দখল করে থাকায় সরকারি উদ্যোগে তা উচ্ছেদ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সওজের জায়গায় নির্মিত ৩৫টি অবৈধ দোকান অপসারণ করা হয়েছে এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, সওজের জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।