সারাদেশ

আইজিপির বাড়িতে চুরি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

আইজিপির বাড়িতে চুরি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর বাগেরহাটের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তার তিনতলা বাড়ি থেকে বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক টিম কাজ করছে। তদন্তের অংশ হিসেবে শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার রাতে ঝড়ো বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সুযোগে চোরচক্র বাড়ির সীমানায় প্রবেশ করে এবং সিসিটিভি ক্যামেরা এড়িয়ে বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, জড়িতদের শনাক্ত করতে জোরালো তদন্ত চলছে এবং দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।