সারাদেশ
লাইনচ্যুত ট্রেন, পালিয়েছেন স্টাফরা
ঈদ উপলক্ষে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার সান্তাহার এলাকার নরসিংপুর-মধ্যবর্তী রেললাইনে লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর সওয়া ২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়, এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে কেউ মারা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় রেললাইনের মেরামত কাজ চলছিল এবং লাল পতাকা টাঙানো হয়েছিল। কিন্তু ট্রেনের চালক তা না দেখে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের চালক ও স্টাফরা ঘটনাস্থল ত্যাগ করেছেন।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান জানান, ট্রেনের ছাদে থাকা যাত্রীরাও আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ ফায়ার সার্ভিসের পরিদর্শক রেজাউল করিম বলেন, আমরা ৪৭ জনকে উদ্ধার করেছি। একজনের অবস্থা গুরুতর। এছাড়া স্থানীয়রা আহতদের হাসপাতালে নেন। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ বর্তমানে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রেনের ছয় থেকে সাতটি বগি ভাঙা অবস্থায় পড়ে থাকে এবং অনেক মানুষ আহত হওয়ার কারণে ঘটনাস্থলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।