সারাদেশ

রেলব্রিজে ধাক্কা: ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

রেলব্রিজে ধাক্কা: ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কালিকাপুর রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, কুষ্টিয়ার পোড়াদহ থেকে গোয়ালন্দ ঘাটগামী একটি লোকাল (শাটল) ট্রেন কালিকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় ছাদে থাকা ওই যুবক অসাবধানতাবশত ব্রিজের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হয়ে ট্রেনের ছাদেই লুটিয়ে পড়েন।

পরে ট্রেনটি দুপুর ২টা ৩৮ মিনিটে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে স্টেশনের কর্মীরা ছাদে একটি মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হলে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে স্টেশনে নামানো হয়।

কালুখালী জংশন স্টেশনের সহকারী স্টেশনমাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের পর ছাদে মরদেহটি দেখা যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিঞা বলেন, মরদেহটি থানায় নেওয়া হচ্ছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ধরনের ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য সংশ্লিষ্টরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।