সারাদেশ
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া গুলিতে আজাদ (৩৮) নামের এক বাংলাদেশী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যয় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে পরিবার সূত্রে জানা গেছে।
জানা যায়, আজাদ হোসেনসহ ২-৩ জন মিলে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে মাদকদ্রব্য আনতে যাচ্ছিল। শূন্য রেখা দিয়ে সীমান্তের তারকাটা কেটে ভারতে প্রবেশের সময় দায়িত্বরত বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। সীমান্তের ৬৫/১ এ পিলারের কাছে এ ঘটনা ঘটে। এতে সে শরীরের বিভিন্ন স্থানে গুলিবৃদ্ধ হয়ে আহত হয়।
গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় বলেন, আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এগুলো ছররা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
এদিকে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সীমান্তে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।