সারাদেশ

দেশের ১৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম

দেশের ১৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

যেসব জেলার জন্য এ সতর্কতা জারি করা হয়েছে সেগুলো হলো—পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।