সারাদেশ
চরমাস্তুল মুন্সী বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চরমাস্তুল মুন্সী বন্দে আলী উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনী আয়োজনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আয়োজকরা পুনর্মিলনী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ও প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
গত ২৬ মার্চ ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও সরকারের উপসচিব ড. মো. লুৎফর রহমান, এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. আবু তাহের মিয়া, সদস্য সচিব মোবারক হোসেনসহ বিভিন্ন স্তরের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ সভায় পুনর্মিলনীকে সফল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানকে সুশৃঙ্খল, আকর্ষণীয় ও সফলভাবে সম্পন্ন করতে অর্থ, শৃঙ্খলা, আপ্যায়ন, অভ্যর্থনা, প্রকাশনা, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমসহ মোট ১০টি উপকমিটি গঠন করা হয়েছে। প্রতিটি উপকমিটিকে নির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়েছে, যাতে সার্বিক প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন করা যায়।
সভায় বক্তারা বলেন, এই পুনর্মিলনী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তারা সকল প্রাক্তন শিক্ষার্থীকে এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই পুনর্মিলনী অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি, নিবন্ধন প্রক্রিয়া এবং অন্যান্য নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।